পারিবারিক আদালত আইন, ২০২৩ (২০২৩ সনের ২৬ নং আইন) এর ৫ ধারা অনুযায়ী পারিবারিক আদালতে নিম্নরূপ পাঁচ ধরণের সকল বা যেকোনো বিষয় সম্পর্কিত মোকদ্দমা দায়ের করা যায়।
(ক) বিবাহ বিচ্ছেদ;
(খ) দাম্পত্য অধিকার পুনরুদ্ধার;
(গ) দেনমোহর;
(ঘ) ভরণপোষণ; এবং
(ঙ) শিশু সন্তানদের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান।
.
পারিবারিক আদালত আইন, ২০২৩ (২০২৩ সনের ২৬ নং আইন) এর ৫(ঙ) ধারা মোতাবেক শিশু সন্তানদের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান সংক্রান্ত নাবালিকার শরীর ও সম্পত্তির অভিভাবক নিযুক্ত হবার দরখাস্ত এর নমুনা প্রদান করা হইল-
.
মোকাম: বিজ্ঞ পারিবারিক আদালত ও সিভিল জজ ১ম আদালত ঢাকা।
পারিবারিক (অভিভাবক নিয়োগের) মোকদ্দমা নং- ২৫/২০২৬
শাহানা আক্তার,
স্বামী- মৃত মোঃ আলী হোসেন,
পিতা- আব্দুল মালেক, মাতা- শাহিদা বেগম,
৫নং গোপীবাগ, ৩য় লেন, ঢাকা-১২০৩।
জাতীয় পরিচয় পত্র নং- ২০০৩০০৫০৫৫
মোবাইল নং- ০১৭১১-০০০০০০
————— দরখাস্তকারী।
পারিবারিক আদালত আইন, ২০২৩ (২০২৩ সনের ২৬ নং আইন) এর ৫(ঙ) ধারা মোতাবেক নাবালিকার শরীর ও সম্পত্তির অভিভাবক নিযুক্ত হইবার দরখাস্ত।
.
দরখাস্তকারীর বিনীত নিবেদন এই যে,
১। দরখাস্তকারী শাহানা সাবালিকা হইবার পর তাহার ঠিকানার পাশ্বে উল্লেখিত বর্তমানে মৃত মোঃ আলী হোসেনের সহিত মুসলিম আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
.
২। দরখাস্তকারী এবং বর্ণিত মোঃ আলী হোসেন পরস্পর স্বামী-স্ত্রী হিসাবে তাহাদের দাম্পত্য জীবন অতিবাহিত করাকালীন সময়ে বর্ণিত মোঃ আলী হোসেনের ঔরসে এবং দরখাস্ত কারীনির গর্ভে যথাক্রমে (ক) মোসাঃ তনিমা বিনতে আলী এবং (খ) মোসাঃ অনিমা বিনতে আলী জন্মগ্রহণ করে যাহাদের বিশদ বিবরণ নিম্ন “ক” তফসিলে দেখান হইল।
.
৩। “ক” তফসিল বর্ণিত কন্যা সন্তান ২টি জন্মগ্রহন করিবার পর বর্ণিত মোঃ আলী হোসেন বিগত ১০/০৫/২০০২ তারিখে অকাল মৃত্যুবরণ করিলে দরখাস্তকারী তাহার সাবালিকা কন্যা সন্তান ২টি নিয়া চোখে অন্ধকার দেখিতে থাকেন। বর্ণিত মোঃ আলী হোসেনের আত্মীয় স্বজন তাহাকে সান্তনা দিয়া তাহার এবং তাহার সন্তানদের মানুষ করিবার আশ্বাস দিলে দরখাস্তকারিনী তাহার স্বামী গৃহেই অবস্থান করিতে থাকেন।
.
৪। বর্ণিত মোঃ আলী হোসেন তাহার জীবদ্দশায় তাহার নাবালিকা কন্যাদ্বয়ের লেখাপড়ার খরচ নির্বাহের জন্য ১০,০০,০০০/ (দশ লক্ষ) টাকা প্রদান করিয়া যান যাহ্য অত্র দরখাস্তের “খ” তফসিলে দেখান হইল। ফলে বর্ণিত নাবালিকা কন্যাদ্বয় বিদ্যালয়ে যাইবার মত বয়সে পদার্পন করিলে তাহাদের লেখাপড়ার যাহাতে কোন প্রকার বিঘ্ন না ঘটে তজ্জন্য একটি নির্ধারিত মাসিক আয়ের ব্যবস্থার নিমিত্তে নাবালিকাদ্বয়ের উক্ত =১০,০০,০০০/ (দশ লক্ষ) টাকা ওয়ান ব্যাংক লিমিটেড, দিলকুশা বাণিজ্যিক এলাকা, থানা-মতিঝিল, ঢাকা শাখায় নাবালিকাদ্বয়ের নামে বিগাত ১৩/০৫/০২ তারিখে একটি হিসাব খোলেন। বলা আবশ্যক, নাবালিকাদ্বয়ের কল্যাণের কথা চিন্তা করিয়া এবং উক্ত হিসাবের টাকা হইতে প্রতি মাসে যে মুনাফা পাওয়া যাবে তাহা দ্বারা যাহাতে নাবালিকাদ্বয়ের লেখা পড়াসহ তাহাদের ভরণপোষন ও যাবতীয় খরচাদি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং উক্ত টাকা যাহাতে কোনভাবে অপচয় না হয় তজ্জন্য বর্তমান দরখাস্তকারী ৫০% এবং নাবালিকাদ্বয়ের জ্যাঠা মোঃ মোস্তফা ৫০% এর হিস্যা উল্লেখে নাবালিকাদ্বয়ের নমীনি করা হয়।
.
৫। পরবর্তীতে দিন দিন দরখাস্তকারীর শাশুড়ী এবং ভাসুরদের আচার ব্যবহারে এক সঙ্গে বসবাস করা অসম্ভব হইয়া পড়ে এবং এক পর্যায়ে দুর্লোভের বশবর্তী হইয়া দরখাস্তকারীর স্বামীর টাকায় নির্মিত বাড়ী হইতে দরখাস্তকারীকে এবং তাহার নাবালিকা কন্যাদ্বয়কে বাহির করিয়া দিলে দরখাস্তকারী এলাকার ওয়ার্ড কমিশনরের নিকট একটি দরখাস্ত দেন। কিন্তু তিনি বিষয়টি মীমাংসা করিতে ব্যর্থ হইলে দরখাস্তকারী তাহার কন্যাদ্বয় সহ বর্তমানে উপরোক্ত ঠিকানায় বসবাস করিতেছে।
.
৬। জ্যেষ্ঠ কন্যা তনিমা বিনতে আলী মিতালী বিদ্যাপীট ৭২ স্বামীবাগ স্কুলে ভর্তি হইয়া তথায় ৩য় শ্রেণীতে অধ্যায়ন করিতেছে এবং কনিষ্ঠা কন্যা অনিমা বিনতে আলী শেরেবাংলা একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়ন করিতেছে। বলা আবশ্যক, ইত্যবসরে উক্ত হিসাবের অপর নমীনি বর্ণিত মোঃ মোস্তফা “খ” তফসিলে বর্ণিত হিসাবের তাহার নামীয় ৫০% শেয়ারের মাসিক মুনাফা উক্ত হিসাব হইতে উত্তোলন করিয়া নাবালিকাদ্বয়ের লেখা পড়ার খরচ বাবদ ব্যয় না করিয়া তিনি নিজেই উক্ত টাকা ব্যয় করিতেছেন। তাহার উক্তরূপ বে-আইনী কার্যাবলী হইতে বিরত থাকিয়া উক্ত মুনাফার টাকা নাবালিকাদ্বয়ের লেখাপড়া ও তাহাদের ভরণ পোষনের জন্য ব্যয় করিবার জন্য একাধিকবার অনুরোধ করা স্বত্বেও তিনি বিভিন্ন অজুহাত দেখান এবং সর্বশেষে বিগত ০২/০২/০৭ তারিখে অনুরোধ করিলে তিনি সরাসরি উক্ত অনুরোধ প্রত্যাখ্যান করেন।
.
৭। যেহেতু নাবালিকাদ্বয়ের জ্যাঠা বর্ণিত মোঃ মোস্তফা নাবালিকাদ্বয়ের নিজেদের টাকা এবং তাহাদের নামীয় হিসাবের মাসিক মুনাফা তাহাদের স্বার্থে ব্যবহার না করিয়া তিনি নিজেই ব্যবহার করিতেছেন সেইহেতু “ক” তফসিলে বর্ণিত নাবালিকাদ্বয়ের শরীর এবং তাহাদের সম্পত্তি অর্থাৎ অত্র “খ” তফসিল বর্ণিত টাকার ২ (ষোল) আনা বিষয়ে অভিভাবক নিযুক্ত হইবার প্রার্থনায় দরখাস্তকারিনী বর্তমান মোকদ্দমাটি দায়ের করিলেন।
.
৮। নাবালিকাদ্বয়ের নিকট আত্মীয়দের নাম ঠিকানা নিম্নে বর্ণিত হইলঃ -(ক) মোসাঃ জমিলা খাতুন, পতি মৃত-মোঃ নূরু মিয়া সরকার, (নাবালিকাদ্বয়ের পিতামহী তথা দাদী), (খ) মোঃ মোস্তফা, (গ) মোঃ রওশন এবং (ঘ) মোঃ মনির সর্ব পিতা মৃত-মোঃ নূরু মিয়া সরকার, (নাবালিকাদ্বয়ের জ্যাঠা) সর্ব সাকিন- ২১৫/৮/১ পূর্ব রামপুরা, খিলগাও, ঢাকা।
.
৯। অত্র দরখাস্ত ব্যতিরেকে “ক” তফসিলে বর্ণিত নাবালিকাদ্বয়ের শরীর ও সম্পতির অতিভাবক নিযুক্তির জন্য অত্র আদালতে কিংবা অন্য কোন আদালতে অর কোন দরখাস্ত দাখিল করেন নাই এবং অন্য কোন ব্যক্তিও বাবলিকাদ্বয়ের অভিভাবক নিযুক্তির দাবী উত্থাপন করে নাই। কিংবা উক্তরূণ দাবী উত্থাপন করিবার কোন আইনগত অধিকার অত্র দরখাস্তকারী ছাড়া আর কাহারও ছিল না এবং নাই।
১০। মোকদ্দমার কারণঃ- নাবালিকাদ্বয়ের জ্যাঠা “খ” তফসিলে বর্ণিত হিসাবের মাসিক মুনাফা নাবালিকাদ্বয়ের লেখাপড়া ও তাহাদের ভরণ পোষনের জন্য ব্যয় করিতে বিগত ০২/০২/০৭ অস্বীকার করিলে অব মোকদ্দমার কারণ বিগত ০২/০২/০৭ তারিখে অত্রাদালতের এলাকাধীন সূত্রাপুর থানার অন্তর্গত নাবালিকাদ্বয়ের বসবাসের স্থান ৫নং গোপীবাগ, ৩য় লেনে উদ্ভব হইয়া এখনও বিদ্যমান আছে।
১১। মোকদ্দমার মূল্যায়নঃ- আদালতের এখতিয়ার এবং কোর্ট ফি নির্ণয়ার্থে যেহেতু বর্তমান মোকদ্দমাটি একটি অভিভাবক নিযুক্ত হইবার মোকদ্দমা তদুপরি, নাবালিকাদ্বয়ের সম্পত্তির বর্তমান মূল্য =১০,০০,০০০/ (দশ লক্ষ) টাকা নির্দ্ধারণ করতঃ যেহেতু বর্তমান মোকদ্দমাটি অভিভাবক নিযুক্তির মোকদ্দমা সেইহেতু অত্র মোকদ্দমার জন্য নির্ধারিত ২০০/- (দুই শত) টাকার কোর্ট ফি প্রদান করিয়া বর্তমান মোকদ্দমাটি দায়ের করা হইল।
যাবতীয় অবস্থাধীনে দরখাস্তকারীর বিনীত প্রার্থনা হুজুরাদালত দয়া করিয়া দরখাস্তকারীকে “ক” তফসিলে বর্ণিত নাবালিকাদ্বয়ের শরীর এবং তাহাদের নামীয় “খ” তফসিলে বর্ণিত টাকা তথা হিসাব হইতে মাসিক সমুদয় মুনাফা উত্তোলনের যথাবিহীত আদেশ দানে মর্জি হয়।
এবং
বিজ্ঞাদালতের আইন ও ইকুইটি মোতাবেক দরখাস্তকারী আর যে প্রতিকার পাইতে পারে তদমর্মে যথাবিহীত আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়।
.
তফসিলঃ-ক
(ক) মোসাঃ তনিমা বিনতে আলী বর্তমান বয়স-৯ বৎসর, এবং (খ) মোসাঃ অনিমা বিনতে আলী বর্তমান বয়স-৭ বৎসর, উভয়ের পিতা মৃত-মোঃ আলী হোসেন, উভয়ের সাকিন-৫নং গোপীবাগ, ৩য় ১ লেন, ঢাকা-১২০৩।
.
তফসিলঃ-খ
উপরোক্ত “ক” তফসিলে উলে-খিত নাবালিকাদ্বয়ের নামীয় =১০,০০,০০০/ (দশ লক্ষ) টাকা যাহা ওয়ান ব্যাংক লিমিটেড দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা শাখায় মাসিক মুনাফার হিসাবে রহিয়াছে যাহার হিসাব নং-৫০১৪১৭৬০১৪ এবং উক্ত হিসাবে নাবালিকাদ্বয়ের নমীনি হিসাবে দরখাস্ত কারী এবং নাবালিকাদ্বয়ের জ্যাঠা মোঃ মোস্তাফার নাম উলে-খ আছে।।
.
হলফনামা
আমি, শাহানা আক্তার, স্বামী- মৃত মোঃ আলী হোসেন, পিতা- আব্দুল মালেক, মাতা- শাহিদা বেগম, সাং-৫নং গোপীবাগ, ৩য় লেন, ঢাকা-১২০৩। জাতীয় পরিচয় পত্র নং- ২০০৩০০৫০৫৫, মোবাইল নং ০১৭১১০০০০০০, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী, জন্ম তারিখঃ ২১/১১/১৯৭৬ ইং বয়স- ৪৭ বছর, এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে,
০১। আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা এবং হলফ করিবার যোগ্য হইতেছি বটে।
০২। আমি এই মামলার দরখাস্তকারী/বাদী এবং এই মামলার বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত আছি।
০৩। অত্র হলফনামায় বর্ণিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, সঠিক ও নির্ভুল জানিয়া অদ্য _ _ _ _ _ _ _ _ ইং তারিখ বেলা _ _ _ _ _ _ _ _ ঘটিকায় বিজ্ঞ আদালতের হলফনামা কমিশনারের সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামায় আমার নিজ নাম সহি সম্পাদন করিলাম।
……………………
হলফকারীর স্বাক্ষর
হলফকারী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে অত্র হলফনামায় তাহার নিজ নাম সহি সম্পাদন করিয়াছেন। আমি তাহাকে সনাক্ত করিলাম।
……………………
এডভোকেট।