যারা কয়েকজন মিলে একত্রে অংশিদারের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতে চান তাদের একটি অংশীদারী ব্যবসার চুক্তিপত্র দলিল লিপিবদ্ধ করে রেজিস্ট্রি করে নিতে হবে। বিভিন্ন প্রকার অংশীদারী ব্যবসার চুক্তিপত্র দলিলের নমুনা নিচে দেওয়া হলো।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
অংশীদারী ব্যবসায় এর চুক্তিপত্র দলিল
১। জুলফিকার আলী (Zulfikar Ali), পিতা-আব্দুল হাকিম (Abdul Hakim), মাতা-জাহানারা খাতুন, সাং-২৯, এম.এ রহিম রোড, কুষ্টিয়া, বর্তমান ঠিকানা-ক-৫, জগন্নাথপুর, বসুন্ধরা রোড, খানা-ভাটারা, জেলা-ঢাকা-১২২৯, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।
এবং
২। মোহাম্মেদ আইয়ুব কামাল (Mohammed Ayub Kamal), পিতা-নুরুল ইসলাম (Nurul Islam), মাতা-মোমেনা খাতুন, সাং-দৌলতপুর, ডাকঘর-নাজির হাট, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমান-ক-৫, জগন্নাথপুর, বসুন্ধরা রোড, থানা-ভাটারা, জেলা-ঢাকা-১২২৯, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।
এবং
৩। মোহাম্মদ আনিসুর রহমান (Mohammad Anisur Rahman) পিতা-ফয়জুল বারী (Fayzul Bari), মাতা-খুরশিদ বানু, সাং-রহমান ম্যানশন, নাজির হাট বাজার, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমান-ক-৫, জগন্নাথপুর, বসুন্ধরা রোড, থানা-ভাটারা, জেলা-ঢাকা-১২২৯, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র অংশীদারী ব্যবসা এর চুক্তিপত্র দলিলের বর্ণনা লিখিত হইতেছে যে, আমরা উল্লিখিত অংশীদারগণ প্রত্যেকে প্রত্যেকের পূর্ব পরিচিত। উক্ত পরিচয়ের সুবাদে আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক বিদ্যমান থাকায় অংশীদারী ব্যবসার পুঁজি বিনিয়োগের ব্যাপারে পরস্পর পরস্পরের সাথে আলোচনাক্রমে প্রত্যেকে পুঁজি বিনিয়োগ অংশীদারী ব্যবসা পরিচালনার মনস্থির করিয়া আলাপ আলোচনায় পূর্ণ সিদ্ধান্ত নিয়া এবং সিদ্ধান্তে একমত হইয়া গত ০১/০৩/২০১৩ইং তারিখ হইতে স্বেচ্ছায় একটি অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র দলিল প্রণয়ন করিলাম। যাহা নিম্নোক্ত শর্তাদির আলোকে পরিচালিত হইবে।
“শর্তসমূহ”
১। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানটি “বসুন্ধরা কালেকশন” (BASHUNDHARA COLLECTION) নামে পরিচিত এবং পরিচালিত হইবে। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ক-৫, জগন্নাথপুর, বসুন্ধরা রোড, ভাটারা, ঢাকা। ঠিকানায় পরিচালিত হইবে। প্রয়োজন বশতঃ উক্ত প্রধান কার্যালয় বাংলাদেশের যে কোন স্থানে স্থানান্তর করা যাইবে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যে কোন দেশে এর শাখা অফিস খোলা যাইবে।
২। অত্র অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র দলিল সম্পাদনের পর হইতে স্বনামে অথবা বেনামে এই ধরণের বা একই জাতীয় ব্যবসা অংশীদারগণের মধ্যে কেহ এককভাবে পরিচালনা করিতে পারিবেন না।
৩। উক্ত যৌথ অংশীদারী ব্যবসায়ের লাভ লোকসানের হিসাব অংশীদারগণের নিজ নিজ খুঁটি বিনিয়োগের আনুপাতিক হাবে পরিচালিত হইবে।
৪। প্রাথমিক ভাবে অংশীদারগণের নিম্নে উল্লেখিত বিনিয়োগ মাধ্যমে অত্র অংশীদারী ব্যবসা পরিচালিত হইবে। পর্যায়ক্রমে অত্র ব্যবসায়ের অংশীদারগণ ব্যবসায়ের পুঁজিবাড়াইতে পারিবেন।
| ক্রমিক নং | অংশীদারদের নাম | বিনিয়োগের পরিমাণ | বিনিয়োগের অংশ |
| ০১। | জুলফিকার আলী | ২০,০০,০০০/- | ৪০% |
| ০২। | মোহাম্মেদ আইয়ুব কামাল | ২০,০০,০০০/- | ৪০% |
| ০৩। | মোহাম্মদ আনিসুর রহমান | ১০,০০,০০০/- | ২০% |
প্রকাশ থাকে যে, সকল পক্ষই উল্লেখিত আনুপাতিক হারে অংশীদারী ব্যবসায়ে বিনিয়োগ করিবেন। যদি কোন কারণ বশতঃ কোন অংশীদারের পক্ষে আনুপাতিক হারে মূলধন বিনিয়োগে অসমর্থ হন তবে সকল অংশীদারের সম্মতিতে অপর যে কোন অংশীদার উক্ত অতিরিক্ত বিনিয়োগ করিতে পারিবেন এবং হিসাবে লাভ ক্ষতির অংশ প্রাপ্ত হইবেন। এক্ষেত্রে সকল অংশীদারগণের লিখিত অনুমতি প্রয়োজন পড়বে।
৫। অত্র অংশীদারী ব্যবসায়ের জমা খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রধান কার্যালয়ে রক্ষিত থাকিবে। পক্ষগণ সময়মত উক্ত বিষয়ে খাতা পত্র দেখিতে ও পরীক্ষা নিরীক্ষা করিতে পারিবেন।
৬। উক্ত অংশীদারী ব্যবসায় নামে বাংলাদেশের অবস্থিত যে কোন তফসিলী ব্যাংকে এক বা একের অধিক যে কোন ধরণের ব্যাংক হিসাব খুলিতে পারিবেন এবং অংশীদারগণের তিন জনের স্বাক্ষর ব্যাংক হিসাব খোলা যাইবে এবং যে কোন দুই জন অংশীদারের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হইবে। উহা কার্যকরী করিতে সকল অংশীদারের লিখিত অনুমতি প্রয়োজন পড়িবে।
৭। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার জনাব জুলফিকার আলী অত্র ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করিবেন। চেয়ারম্যানের অবর্তমানে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করিবেন।
৮। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার জনাব মোহাম্মেদ আইয়ুব কামাল অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।
৯। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার মোহাম্মদ আনিসুর রহমান অত্র অংশীদারী প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন।
১০। অত্র ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবসা সংক্রান্ত সভা আহ্বান করবেন। সভায় সভাপতিত্ব করবেন এবং ব্যবসার সমস্ত কার্যক্রম দেখাশুনা সহ তদারকী করবেন। চেয়ারম্যান সাহেবের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান তাহা পরিচালনা করবেন।
১১। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় বিল ভাউচার সহ ব্যবসা পরিচালনার যৎ্যাবতীয় কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক মাধ্যমে পরিচালিত হইবে। বিল ভাউচার সহ সকল হিসাব নিকাশ উক্ত ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরের পরিচালিত হইবে। উক্ত আনুষ্ঠানিক চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনের প্রয়োজন হইবে।
১২। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী নিয়োগ, বরখাস্ত, অব্যাবহতি এই সংক্রান্ত আনুষ্ঠানিকতা ব্যবস্থাপনা পরিচালকের একক স্বাক্ষরে পরিচালিত হইবে। উক্ত আনুষ্ঠানিকতায় রেজুলেশনের মাধ্যমে হইবে এবং তাহা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের অনুমোদন প্রয়োজন পড়বে।
১৩। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশ প্রতি বৎসর জুলাই মাসের ৩১ তারিখ হইতে আরম্ভ হইয়া পরবর্তী বৎসর জুন মাসের শেষ তারিখ পর্যন্ত সমাপ্ত হইবে। প্রয়োজন বশতঃ অডিটর নিয়োগ করিয়া হিসাব নিকাশ সম্পন্ন করা হইবে। উক্ত হিসাব নিকাশের বা আয়-ব্যয়ের পূর্ণ তালিকা প্রত্যেক পক্ষ প্রাপ্ত হইবেন।
উক্ত মতে প্রত্যেক পক্ষ তাদের আয়-ব্যয়ের অংশ আনুপাতিক হারে প্রাপ্ত হইবেন। হিসাব নিকাশের কোনরূপ ভুল ত্রুটির সৃষ্টি হইলে পক্ষগণ একমত হইয়া সংশোধন করিয়া নিবেন। উক্ত মতে প্রত্যেক জুন মাসের ভিতর লাভ ক্ষতির হিসাব নিকাশ সম্পন্ন হইবে।
১৪। অত্র অংশীদারী ব্যবসা চলাকালীন অবস্থায় কোন পক্ষই ব্যবসা এর ক্ষতির কারণ হইবে এম কোন কাজ করিতে পারিবেন না।
১৫। আল্লাহ না করুন যদি কোন অংশীদার মৃত্যুবরণ করেন তবে তাহার বৈধ উত্তরাধীকারী শরীয়া বিধান মোতাবেক মৃত অংশীদারের অংশ প্রাপ্ত হইবেন। প্রকাশ থাকে যে, অংশীদার যদি একজন হয় তিনি ইচ্ছা করিলে অত্র অংশীদারী ব্যবসায়ের (মৃত ব্যক্তির ন্যায়) অংশীদার হইতে পারিবেন।
অংশীদার একের অধিক হইলে অংশীদারদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে তাহ্য আইনানুগ লিখিতভাবে প্রকাশ করিয়া একের অধিক অংশীদারগণের মধ্যে হইতে উপযুক্ত যে কোন একজন অংশীদার সকল অংশীদারগণের স্থলে মৃত অংশীদারের পক্ষে প্রতিনিধিত্ব করিবেন। লাভলোকসানের হিসাব নিবেন এবং অপর অংশীদারদের মধ্যে শরীয়া বিধান অনুযায়ী বণ্টন করিবেন এবং ইহার একটি তালিকা অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ারম্যানের নিকট জমা করবেন।
১৬। কোন অংশীদার তাহার অংশ বিক্রয় করিতে চাহিলে তাহা প্রথমত অন্য অংশীদারদের মধ্যে বর্তমান বাজার দর অনুযায়ী বিক্রয় করিতে পারিবেন। অন্যান্য অংশীদারগণ তাহা ক্রয় করার সমর্থ না থাকিলে সকল অংশীদারের অনুমতিক্রমে বাহিরে যে কোন সৎ, নিষ্ঠাবান এবং ধার্মিক ব্যক্তির নিকট বিক্রয় করিতে পারিবেন।
১৭। অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে অংশীদারগণের মধ্যে কোন প্রকার বিরোধ সৃষ্টি হইলে তাহা প্রাথমিক ভাবে সকল অংশীদারগণ একমত হইয়া মিমাংসা করিবেন। মিমাংসায় উপনিত হইতে না পারিলে অংশীদারগণ প্রতিনিধি নিয়োগ করতঃ উক্ত প্রতিনিধির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করিবেন এবং উক্ত বিরোধ নিষ্পত্তির রায় বিরোধে জড়িত অংশীদারগণ মানিয়া নিতে বাধ্য থাকিবেন।
১৮। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আনিসুর রহমান অত্র অংশীদারী ব্যবসায়ের সকল প্রকার আনুষ্ঠানিকতায় নিজ তদারকিতে পরিচালনা করিবেন এবং অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে অবহিত করিবেন।
১৯। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে লাভ লোকসানের হিসাব অংশীদাররা তাহাদের মূলধন অনুযায়ী বা আনুপাতিক হারে যোগান দেবেন এবং প্রাপ্ত হইবেন।
২০। অত্র অংশীদারী ব্যবসায়ের অংশীদারগণ প্রতিষ্ঠানের যে কোন শর্ত, লাইন, প্যারা, সংশোধন, সংযোজন বা বাতিল করিতে পারিবেন। এক্ষেত্রে সকল অংশীদারগণের লিখিত অনুমতির প্রয়োজন পড়বে।
২১। অত্র অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারগণের নিম্নোক্ত গুণাবলী থাকিতে হইবে।
(ক) সকল সময় ব্যবসা পরিচালনার তদারকি, লেনদেন, কর্মকর্তা, কর্মচারী পরিচালনা, সময় উপযোগী করিতে হইবে।
(খ) অংশীদারী কারবারের যাবতীয় যোগাযোগ সততার পরিচয় দিতে হইবে এবং একে অন্যের নিকট বিশ্বাসী হইতে হইবে।
(গ) অংশীদারী ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল অংশীদারদের ঐক্যমত থাকতে হবে।
২২। অত্র অংশীদারী ব্যবসায়ে দলিলে যে সকল শর্ত, উল্লেখ বা সন্নিবেশিত হয় নাই তাহা অংশীদারী ব্যবসা এর আইন বা বাংলাদেশ সরকারের পার্টনারশীপ এ্যাক্ট এর বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হইবে।
২৩। অত্র অংশীদারী ব্যবসায়ের সার্বিক অবস্থা, অনুধাবন এবং নানাবিধ কার্যাদী সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে প্রত্যেক ইংরেজী মাসের শেষ তারিখের ভিতর প্রত্যেক অংশীদারগণের সভা অনুষ্ঠানের ব্যবস্থা থাকিবে।
উক্ত সভায় প্রত্যেক অংশীদার উক্ত মাসের আয়-ব্যয়ের হিসাব, ব্যবসায়ের আয় উন্নতির হিসাব এই সংক্রান্ত বিষয়ের উপর পর্যালোচনা করিবেন, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা পর্যালোচনা করিবেন এবং ব্যবসা উন্নতির লক্ষ্যে একটি হিসাব তৈরি করত। তাহা প্রধান কার্যালয়ে জমা রাখবেন এবং ব্যবসার উন্নতির লক্ষ্যে সৃষ্ঠ সিদ্ধান্ত নিবেন।
উল্লেখিত সভায় তিন জন অংশীদারের সকলেই অথবা যে কোন দুই জন অংশীদারের উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু এবং সমাপ্ত করা হইবে।
অত্র অংশীধারী ব্যবসায়ের দলিল ২০ (বিশ) পাতায় কম্পোজকৃত এবং স্বাক্ষী ০৩ (তিন) জন বটে।
স্বাক্ষীগণের স্বাক্ষর
১।
২।
অংশীদারগণের স্বাক্ষর:
জুলফিকার আলী
চেয়ারম্যান
মোহাম্মাদ আইয়ুব কামাল
ভাইস চেয়ারম্যান
মোহাম্মদ আনিসুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক
—————-
দলিল লেখা এবং রেজিস্ট্রি ও আয়কর রিটার্নসহ যেকোন ধরণের আইনি পরামর্শ ও সহায়তার জন্য যোগাযোগ করুন-
শিশির এন্ড এসোসিয়েটস
সার্বিক পরিচালনায়: এডভোকেট মুহাম্মদ মহীউদ্দীন (শিশির)
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
017110686090 / 01540105088